কবি রিনি গঙ্গোপাধ্যায়
রিনি গঙ্গোপাধ্যায়
জন্ম:- ১৯৮২, ব্যারাকপুরে।
মফস্বল শহর ব্যারাকপুরেই ঐতিহ্য ও ইতিহাসের আশ্রয়ে বেড়ে ওঠা। পড়াশোনা ব্যারাকপুর গার্লস হাই স্কুল, স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। গবেষণা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। অধ্যাপক, সেন্ট জেভিয়ার্স কলেজ।কেঠো প্রবন্ধ লেখার শুরু কলেজ বেলা থেকেই। সৃজনশীল লেখার শুরু হালফিলে। বেশ কিছু পত্রপত্রিকায় কবিতা, গল্প প্রকাশিত হয়েছে। আজকাল রবিবাসরে লেখালেখি করা হয়।প্রকাশিত গবেষণা গ্রন্থ - বাংলা সাহিত্য ইতিহাসের ইতিহাস।প্রথম প্রকাশিত উপন্যাস - করোনার দিনগুলি ও প্রেম।
গুচ্ছ কবিতায় কবি রিনি গঙ্গোপাধ্যায়
বালক প্রেমিক
১
তোর গায়ের কাঁচা গন্ধে আমি বালিকা হব আবার
গম্ভীর সব শব্দদের ছুটি দিয়ে মাখব গাঁ ঘর
তোর নুন স্বাদ জিভে নিয়ে খেলব চুকিতকিত
অথবা পাঁচতারা হোটেলের লাউঞ্জে দাঁড়িয়ে করব দীর্ঘ চুম্বন
সব থেকে উঁচু ঘরটায় উলঙ্গ দুজনে দেখব বিস্তৃত ক্ষুদ্র শহর
আর তোর মুখে শুনব আচার্য শঙ্কর।
২
কি বলে ডাকব তোমায় আমার নতুন প্রেমিক
প্রেমহীন আদরের আক্রোশে টলটল করে আমার মরুভূমি
ব্যথিয়ে ওঠা বালির কণায় তোমার স্নেহরস পান করি আমি বুভুক্ষের মতো
তবু এ তো প্রেম নয়,
শুধু যৌনতার টানেই ঘিরে রেখেছ প্রবল শর্তে
ভাঙনের পারে দাঁড়িয়ে তোমার বিহ্বলতা
আমার স্তিমিতী তোমাকে জেনেছে প্রচণ্ড
প্রান্ত থেকে যে সরীসৃপ গিলে খায় নিজেকে
শর্তরা তোমায় তেমন করে গিলে নিয়ে উগড়ে দেয় অসংযমে
বালক তুমি প্রেম হয়ো না, আমায় কেবল খুঁটিয়ে খেও।
৩
পেলব নরমে প্রচণ্ডতার আহ্বানে বাচালতা দিয়ে ঘিরে রাখিস এ হৃদয়
অথবা প্রজ্ঞার কাছে বিনম্র চেতনা আরোও কিছুটা মুগ্ধতা উপহার দিতে চায়
তোর মাটিতে ভিজে জলের মতো ছড়িয়ে দিতে চাই দানা
অথবা সমগ্রের সঙ্গে জুড়ে নিতে চায় আমার আধ-খাওয়া সমগ্র
পবিত্রতম বীজ স্পর্শ করে আশ্রয়ে জেগে উঠি
আমাকে নিয়ে ঊর্ধ্বে ভাসে বালক প্রেমিক।


Comments
Post a Comment