কবি অমিত সরকার
অমিত সরকার
জন্ম:-২৪ নভেম্বর, ১৯৬১।পেশায় প্রযুক্তিবিদ, দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক। ভালোবাসেন এলোমেলো ভ্রমণ, বাউলগান। আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন একজন আর্ট ফটোগ্রাফার। প্রকাশিত কবিতাবই:অগ্নিউৎসব এবং
জলপরিদের শীৎকারগাথা,বাউলানি তোমায়,অপ্রেমে আজানে,নির্জনে সিপিয়া অ্যালবাম,রাতের লোকাল ট্রেনে যদি কখনো ফেরো, সার্কাস সার্কাস,নুন বাতাসের মাধুকরী।এছাড়া আছে গল্পবই 'চারণভূমি'।সম্পাদিত কবিতা পত্রিকা- চর্যাপদ।
সাহিত্যে পুরষ্কার পেয়েছেন:-নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পুরষ্কার,অজিতমোহন গুহ স্মৃতি পুরষ্কার, রাঢ় বনতলী সম্মান ইত্যাদি আরও অসংখ্য ।
ফটোগ্রাফিতেও দেশে ও বিদেশে বহু আন্তর্জাতিক ও জাতীয় পুরষ্কারে সম্মানিত।
গুচ্ছ কবিতায়
কবি অমিত সরকার
জোকারের জানলা - ১
মরে যাওয়া তারাদের ধুলো ঝাড়তে ঝাড়তে
একান্ন পীঠ গিলে খাচ্ছে আলো
উঠোনে লুটোপুটি খাচ্ছে বিষণ্ণ চাইম আর
পেরিয়ে আসা চাকাদের দাগছোপ
তোমাকে নিয়ে না লেখাদের কাদাজল
ভিজিয়ে দিচ্ছে বিছানার ডি-এন-এ
ওলটানো রাফখাতা জানে
কফি, যোনি, অকাতর ঋণস্বীকার
সবাই জন্মান্ধ দেবতাদের সন্তান
দাহদিন শেষ হলে
আমাদের মাইলস্টোনে শুধু লেখা থাকবে
হলুদ ফ্রকের ভাঙচুর পেরিয়ে উড়ে যাওয়া সাইকেলের ফিনিক্স…
জোকারের জানলা - ২
পাথর চিরতে চিরতে ভেঙে যাওয়া নখেদের গল্প জানি
পড়েছি আগুন কামড়াতে কামড়াতে
ক্ষয়ে যাওয়া দাঁত ও জিভের ইতিহাস
জানি কীভাবে ট্রাপিজ আর প্ল্যাটফর্ম
হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে বিকেলের বারান্দায়
মেরুচাঁদকে খতম করা হয় নদী ছুঁড়তে ছুঁড়তে
এইসব সন্ন্যাসের ছবি যখনই আঁকার চেষ্টা করি
ভাঙা মরচে ধরা জানলায় ফুটে ওঠে জোকারের মুখ
রহস্য লেগে নেই কোথাও
শুধু একটুখানি শুকনো রক্তদাগ
গড়িয়ে পড়ছে টেবিলের বালিঘড়ি থেকে
জোকারের জানলা -৩
তুমি যত সিগন্যালের অন্ধতা পেরিয়েছ
ততদূর বৃষ্টি আজও নামেনি
এখনো জানলার সামনে দিয়েই
রোজ সকালে ইস্কুলে যায় নিরুদ্দেশ আলো
দেখি, তার কলাবিনুনির লাল ফিতে থেকে
গড়িয়ে পড়ছে ভাঙচুরের উপন্যাস
সিঁথিতে হেঁটে যাচ্ছে দিনের শেষ সন্ন্যাস
পুরনো লাইটহাউসেরা জানতো
এই খোলাচুলের মধ্যেই একান্নপীঠ খুঁজতে খুঁজতে
একদিন হারিয়ে গিয়েছিল ভাসানের মেঘ
সাতদিন পরে
তার আধখাওয়া মড়ি উদ্ধার করে এনেছে ছোটভাই
তারপর থেকেই কাচভাঙা অন্ধকারে গুনগুন
তারপর থেকেই উড়ন্ত ট্রাপিজ থেকে পা ফসকাচ্ছে মৌমাছিরা…


Comments
Post a Comment