কবি অজিত বাইরী



অজিত বাইরী


জন্ম:-সির্জন নদীর তীরবর্তী গ্রামকনকপুরে জন্ম ১৯৪৮ সালের৮ই নভেম্বর।বাল্যেই মাতৃবিয়োগ, প্রতিপালিত দিদিমারস্নেহচ্ছা-য়ায়।কৃষিতে সাম্মানিক স্নাতক। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে উপ-প্রকল্প অধিকর্তার পদে অবসর গ্রহণ ২০০৮এ।প্রকাশিত গ্রন্থ ৪০টি।কাব্যগ্রন্থ ও সম্পাদিত কাব্যসংকলন ৩৪টি।গদ্যগ্রন্থ ৬টি।ভূপর্যটক রামনাথ বিশ্বাস স্মৃতি সাহিত্য পুরস্কার(মুম্বাই), বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে একাধিক পুরস্কার ও সম্মাননা উল্লেখ্য কাব্যগ্রন্থ:১.শ্রেষ্ঠ কবিতা ২.স্বনির্বাচিত কবিতা ৩.ভালোবাসার মুখ (অণুকবিতার সংকলন) ৪. শ্রুতিসন্ধ্যার নক্ষত্র(আবৃত্তি-শিল্পী পার্থ ঘোষ ও গৌরী ঘোষ সম্পাদিত)৫,আমার আবৃত্তির কবিতা৬.নির্জন বারান্দা ৭.পরিব্রাজকের ঝুলি এবং নিমফুলের গন্ধ প্রভৃতি।

গুচ্ছ কবিতায় 
কবি অজিত বাইরী


বিচ্ছেদ বড় কথা নয় 


বিচ্ছেদ বড় কথা নয়, সংযুক্তিই বড় কথা;

আমি কখনও চাইব না

দুটি মানুষ ঝিনুকের খোলের মতো দু'আধখানা

হয়ে যাক; আমি চাইব,

প্রতিটি বর্ণমালাকে জোড়া লাগাতে,আমি চাইব

অক্ষরে অক্ষরে বিবাহ দিতে,যাতে সমস্ত

অতীত কলঙ্ক মুছে যায়, মেঘের চূড়ায় চূড়ায় 

স্বর্ণাভ রোদ্দুরের মতো ছড়িয়ে পড়ে 

জীবনের আশ্চর্য মাধুর্য ও লাবণ্য।

আমি কখনও চাইব না, একটি পাতা

মাঝখান থেকে ছিঁড়ে যাক; বরং চাইব

প্রতিটি পাতা হোক জীবনের অপরূপ স্বরলিপি ।


পারি না ভেসে যেতে 


আকাশে মেঘ আসে, ভেসে যায়  নিরুদ্দেশে;

যাবারকালে ঝরিয়ে যায় দু'এক পশলা বৃষ্টি ।

আমরা অক্ষরের কাঙাল, অক্ষর লিখি

মাটির শ্লেটে,জীবনকে লিখি শ্রমে, ঘামে, অশ্রুতে।

আমাদের টান আছে, শিকড়ের টান ভিটেমাটির সঙ্গে ।

মানুষের কাছে আছে দায়বদ্ধতা প্রেমে, অনুরাগে।

পারি না ভেসে যেতে, মেঘের মতো, নঙ্গর-ছেঁড়া 

নৌকোর মতো কূল থেকে দিশাহীন অকূলে।


জীবন একখাতে বয় না 


সন্ত্রাস আর সংঘাতের দিনগুলির পর

কয়েক পশলা বৃষ্টি  নামলো।

মানুষ আবার বুক বাঁধলো আশ্বাসে, বিশ্বাসে;

ভবিষ্যতের দিকে মুখ তুলে তাকালো।


যে স্বপ্নগুলো মরে গিয়েছিল, সেই

স্বপ্নগুলো আবার অঙ্কুরিত হল।

নতুন ফসলের সম্ভাবনা নিয়ে এল শ্রাবণ;

জীবন, আহা জীবন কখনও একখাতে বয় না;

নদীর আছে যেমন পাড় ভাঙা, পাড় গড়া--

নানা ভাঙাচোরা পথে এগোয়  জীবন।


সন্ত্রাস এসে মাঝেমাঝে আবিল করে পথ;

কিন্তু মানুষের জয় কখনও থেমে থাকে না।








  

Comments

Popular posts from this blog

কবি ঝিলম ত্রিবেদী

কবি অরূপ দত্ত

কবি সুধাংশু রঞ্জন সাহা