কবি সাতকর্ণী ঘোষ
সাতকর্ণী ঘোষ
প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় স্কুল ম্যাগে লেখা শুরু হলেও মূলত নব্বই দশকে কবি হিশেবে আত্মপ্রকাশ। এখন পর্যন্ত তাঁর কাব্যগ্রন্থ ২১ টি নিয়ে গল্প উপন্যাস ইংরেজি অনুবাদ গ্রন্থ ছোটোদের জন্য এবং সম্পাদনা নিয়ে ৪৭ টি গ্রন্থ প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক কবিতা পত্রিকা কলকাতার যিশু এবং সারঙ্গ সাহিত্য পত্রিকার সম্পাদক। হাওড়া কবিতা উৎসবের সম্পাদক। বহু সাহিত্য সংগঠন ও ছোটো পত্রিকার সাথে যুক্ত। জাতীয় ও আন্তর্জাতিক সরকারি- বেসরকারী কবি সম্মেলনে আমন্ত্রিত হয়ে দেশে বিদেশে কবিতা পড়েন। দেশের বহু ছোটোপত্রিকা ও সাংস্কৃতিক সংগঠন থেকে সম্মাননা ছাড়াও বাংলাদেশ থেকে কবিমঞ্চ পদক পুরস্কার এবং ভিয়েতনাম থেকে সম্মান পেয়েছেন।
গুচ্ছ কবিতায় কবি সাতকর্ণী ঘোষ
এই প্রতিবাদ যুদ্ধ জীবন
ঘরটি আমার স্বর্গভূমি---
এই ঘরেতে জীবন চাষ -- ফসল আমার ডানপিটে
লাফায়-ঝাপায় দস্যিপণায় সারাশরীর কালসিটে
ডিগবাজি খায় খামার নাচায়---
লুঠ হয়ে যায় গৃহস্থ--- এমন আইন সংসদে
মালিক ফুলে তুলোর মতো রাজা বহাল মসনদে
রং ধরেছে আগুন রঙা তোলপাড়িয়ে ফসলনাথ
নিজের জীবন পণ ধরেছে মৃত্যু তার গভীর রাত
আকাশ আমার স্বপ্ন হোক
জানালা খুলে রাখতে পারি...
শব্দহীন প্রবেশ হোক... ভেতর থেকে সুডাক আসুক
তুলোর মতোন এমন নরম বাতাসে তার সুর ভাসুক
ভাসিয়ে দিলাম সপ্তডিঙি...
ডুবুক ডুবুক জলতলে... ধৈর্য রাখো এই সময়
নতুন গীত গাইতে হলে পার হতে হয় দুঃসময়
নিজের ভেতর শব্দ ভাঙি গর্জন তার সোঁদর বন
পর্দা খুলে চোখ রেখেছি হাত পেতেছি চাইতে মন
এসব নিয়েই রাত ঘুমোই
আজব জীবন হিংসুটে মন...
পাশাপাশি বাস ঘিরে... উগরে দিই চাপ পেলে
উতরে যাই সাধন-ভজন ল্যাং না মেরে পাস খেলে
নিজের মনে নিজেই হাসি...
দাঁত না দেখাই প্রকাশ্যে... বিজ্ঞাপণের চাতুর্যে
আমায় খুব ভালোই চেনে পাশের পাড়ার বাড়ুজ্জে
একটি বাড়ির পরের বাড়ি জঙ্গি খানার আরৎদার
বেরই যখন ঘোমটাটানি মুখ খুলিনা খবরদার


Comments
Post a Comment