কবি প্রনবেশ সরকার


প্রণবেশ সরকার

জন্ম:-টেঁয়া, মুর্শিদাবাদ।বসবাস শহর কাটোয়া। পূর্ব বর্ধমান ।পেশা। গৃহ শিক্ষকতা। ১৯৭৭ থেকে ২০১৭ একটানা পড়ানোর পর নিজেই অবসর নিয়েছে।কবিতা লেখার শুরু ১৯৭৭ সালেই। গল্প প্রবন্ধ লেখা পাশাপাশি চলেছে। মূলত কলেজের ছাত্রছাত্রীদের ছন্দ অলংকার ভাষাতত্ত্ব নাটক উপন্যাস পড়িয়েছে। কিছু টপার জন্ম দিয়েছে।তিপান্ন বছর বয়সে প্রথম কাব্য গ্রন্থ প্রকাশ পেয়েছে মৌলিনাথ বিশ্বাস এর কালকথা থেকে। দ্বিতীয় কাব্যগ্রন্থ,তিন শূন্যের মাঠ।দুটো কাব্যগ্রন্থের সমাহার-- তিন শূন্যের মাঠ, চৈতিপুর।চতুর্থ কাব্যগ্রন্থ 'জলরঙ'। দৃষ্টিশক্তির সমস্যার জন্য ছোটো লেখাতেই মনোনিবেশ।কবিতা লেখা ছাড়াও তিনি রবীন্দ্রনাথের গান ও আবৃত্তি চর্চা করে। শিক্ষা-- স্নাতকোত্তর।

গুচ্ছ কবিতায় 

কবি প্রণবেশ সরকার

জলের গান

নদীবাচক প্রশ্নগুলো তরল তবু  জল নয় :
ভিতর বুকে উথলে ওঠা আগুন লাভা   লেলিহান! 
নিবিড় যত রাত্রি কথা সরল ভালো.  বাসা নয় ...
একতারাতে শূন্য সুরে তটজীবন    ভাঙা গান ।

প্রশ্নগুলো নদীবাচক আলতামিরা      বাইসন,
তীক্ষ্ণ শূলে কী যে কাঁদন রক্ত ঝরা.    স্বমেহন। 
জল রঙেই আঁকছ নদী জীবনে নীল আলাপন,
ছুটলে পরে স্রোত জন্ম নদী কথন.       বিলপন! 

প্রশ্নগুলো অতি তরল এবং সরল অভিঘাত!
বালির তটে হাজার রেখা ঘা দেয় স্রোত প্রতি ক্ষণ। 
ভাবতে পারো জলধর্ম কেন দুখের ধারাপাত !
তটরেখার উপর শুয়ে রক্ত মোছে বাইসন ।

নদী বলতে জলকে বোঝো বিরামহীন জলগান - - -

ভিন্ন জন্ম

উদ্ভিন্ন হলে মরণ জন্ম      নদী জন্ম খেলা - - -
ভাঙাগড়া জলস্রোতে       ডানার চাতক গান :
ভিন্ন জন্মে চেনাজানা গল্প.    হট্টগোল মেলা - - -
চলস্রোতে বালির গান            আসক্তি অভিমান!

জরায়ুজ জন্ম যখন.          মাটি লবণ সুর ___
সুর মানে জঠর ছেঁড়া কাঁদন       সুরে মা পা : 
মায়ের বুকে জন্ম বিলাস.         বাসন্তী দুপুর ___
সূর্য-পৃথ্বীর টান পুরাটা.           সরগমে সা পা.! 

উদ্ভিন্ন হলে দ্বীপ জন্ম.           ভূমিহীন বৈভব ___
আঁশগন্ধ মুছে পদ্মগন্ধা          মৌন পরাশর !
সবুজ উত্তরীয় গায়ে.              ঋষিকল্প সৌরভ, 
টান অবিনাশী পৃথা বুঝল.         সৌর শিকার পর।

ছিন্ন হলে ছেঁড়া তার.               বাউল সুরেই ভাসে ___
খোঁজাখুঁজির চাতক গান.        মৃত্যু জন্ম হাসে.।

আস্তিবাদী গ্রিপ 
       
এই ছবিটা অনেক আগেই এঁকেছেন শিল্পী, 
অস্তিবাদী বকের গলা জড়িয়ে চুমু দিচ্ছে 
ওয়াইল্ড বিস্ট। দুই সত্তার গ্রে ম্যাটার পরস্পরের 
জিনে স্থান পরিবর্তন করে নিচ্ছে। মিউটেশন। 
মেটা মরফোসিস তো নয়, জন্মান্তরে মরফিউসের 
ডানায় অসমোসিস : ঘনত্বের হ্রাস বৃদ্ধি জনিত 
জৈব রূপকথা। 
তুমি পালক গুনছ না। অস্তিবাদী অস্তিত্ব রক্ষার 
নিমিত্ত তৎপুরুষ! ভাসছ ডানাহীন আকাশেই 
মরফিউস! জন্মের আগে কিংবা পরে মাটি পাচ্ছ না! 
জন্মাচ্ছ মাটি ছাড়াই - - - এমনি এক অভিযোজনের 
অভিনব গল্প। 
ভিভিপেরাস মিউটেশনে যে সন্তান জন্ম নিল, 
সে স্তন বোঝে না, কেন না সে স্তন্যপায়ী ছিল না। 
দেহটা অ্যানাটোমিক্যাল এক্সটেনশন যেন এক্সটেনশিয়ালিজমের পালকহীন মরফিউস! 
যাবতীয় কনফিউশন ওখানেই। 
অসামান্য ওর খুরের গ্রিপ। ও কোনো সাধারণ 
গবাদি নয়, ছাগল কিংবা গরু অথবা বানর! খাড়া ও 
নততল পাহাড় বৃক্ষবাসী কুশলতা ছাড়াই খুরের গ্রিপে ওঠে এবং নামে। মাস বা পাতার পরিবর্তে হাড় 
এবং অধুনা ভার্চুয়াল ভাষণ চিবাতে শিখেছে। ওটা 
ও খায় এবং নাগরিকদের খাওয়ায়। পাহাড়ি সংবিধানের ড্রামে ওদের খুরে খুরে খুরতালির 
শব ও উল্লাস শোনা যায়। 
মূল কথাটা হল, তুমি আমি দুজনেই এখন অস্তিবাদী 
ব্যাঙাচি। লেজ আছে ।লেজ ধরেই উঠি এবং নামায়। সংবিধানের টেবিলে খুর চাপড়াই ।ধর্মের লেজ ধরে খুরবাদী পতাকা উড়াই আর প্রতিরাতে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের পর মরফিউসের ডানায় রঞ্জনের উড়ান প্রত্যাশা করি। 

কূলে অকূল কান্না গায় তট আঁচড়ে  অভিমান!

Comments

Popular posts from this blog

কবি ঝিলম ত্রিবেদী

কবি অরূপ দত্ত

কবি সুধাংশু রঞ্জন সাহা