কবি রিয়াদ হায়দার
রিয়াদ হায়দার
জন্ম:- ৮ ই জানুয়ারি, ১৯৭১। বসন্তপুর, ডায়মন্ড হারবার, দঃ২৪ পরগনা।শিক্ষা- কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতক।পেশা- নিজস্ব প্রতিষ্ঠানে কর্মরত।কাব্যগ্রন্থ:- ১. তৃণমূল ঘিরে উচ্ছ্বাস ২. ভালোবাসার কবিতা৩. ছন্দে গড়া কিশোর ছড়া,সম্পাদিত ছড়াগ্ৰন্থ- 'ছড়ার ভুবন' প্রকাশের পথে।
গুচ্ছ কবিতায়
কবি রিয়াদ হায়দার
নবজাতকের গল্প
জঠরের আদিমতা ভেদ করে
যে নবজাতক
নতুন শতকের মুখোমুখি
তাকে ঘিরে থাকে
একরাশ উচ্ছ্বাস
অথচ সেই নবজাতক
জীবনের কথা জানে না।
জ্যোৎস্না রাতে
জ্যোৎস্না রাতে ডানায় ভর দিয়ে
হারিয়ে যাবো
কোন এক নিষিদ্ধ পাড়ায়
সহবাসে জেগে উঠবে চর
চাঁদের গায়ে লেপ্টে যাবে কালি
সেই রাতে
ছোট ছোট নক্ষত্র গুলোকে
মাতৃহারা শিশুর মতন মনে হবে।
অন্ধকারে
জীবনের মুখোমুখি দাঁড়ালে
একটা আকাশ জুড়ে
অন্ধকারের প্রতিচ্ছবি
তোমার মুখের মানচিত্রে
তখন
ঘোর অমাবস্যা
অন্ধকারে এভাবেই
প্রতিনিয়ত হারিয়ে যাই আমরা...


Comments
Post a Comment