কিছু বলা কথা
কিছু বলা কথা:-
সময়ের গমন সবসময় বিষ্ময়কর! আর সেই বিষ্ময়াবিষ্ট আবহে কখন যে বছর ঘুরে 'নৌবত' ব্লগজিন (১৪২৭-১৪২৮) বর্ষপূর্তি সংখ্যায় এসে গেছে বুঝতেই পারলাম না।অথচ, গতবছর যখন একজন প্রযুক্তি-অশিক্ষিত মানুষ হয়ে ব্লগজিনটি শুরু করেছিলাম তখনও ভাবতে পারিনি এটির প্রকাশের ধারাবাহিকতা থাকবে। আসলে, মুদ্রিত পত্রিকা পাঠে অভ্যস্ত পাঠকদের কাছে ব্লগজিন আদৌ গ্রহণযোগ্যতা পাবে কিনা তা নিয়ে একটা খটকা তো ছিল। পাশাপাশি, প্রযুক্তিগত সমস্যা এড়িয়ে পত্রিকা প্রকাশ সম্ভব কিনা তা নিয়ে হৃদকম্পনও ছিল। কিন্তু, আমার সব নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে 'নৌবত' ব্লগজিন পত্রিকাটি ক্রমে দেশ-বিদেশের প্রিয় পাঠক-পাঠিকা সহ কবি-সাহিত্যিকদের কাছে যে বড় আদরনীয় হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। ফলে,এই একবছর সময়কালে দ্বি-মাসিক পত্রিকা রূপে 'নৌবত' পেয়েছে বহু পাঠক-পাঠিকা ও প্রিয়জনদের ভালবাসা।তবে, 'নৌবত'-র এই পাঠক-প্রিয়তার সমস্ত কৃতিত্ব একমাত্র আপনাদের, যাঁরা আমাকে প্রতিনিয়ত আমন্ত্রণের সঙ্গে সঙ্গে লেখা পাঠিয়ে,পরামর্শ দিয়ে,পাঠ প্রতিক্রিয়া জানিয়ে উৎসাহ দিয়েছেন এবং দিচ্ছেন। এখানে আমার কাজ শুধুমাত্র একজন সূত্রধরের।
এই একবছর সময়কাল ধরে পত্রিকাটি প্রকাশ করতে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি।এখনো শিখে চলেছি।তবে, এই পত্রিকা প্রকাশ করতে গিয়ে আমার সবথেকে বড় পাওনা নবীন-প্রবীণ বন্ধুদের ভালবাসা।দু'একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সকলের কাছ থেকে (আমন্ত্রণ করার সঙ্গে সঙ্গে) যথাসময়ে লেখা পেয়েছি। এমনকি আমন্ত্রণ ছাড়াও অনেকেই আমাকে লেখা দিয়ে সহযোগিতা করতে হাত বাড়িয়েছেন।অথচ, তাঁদের জন্য কি বা করতে পেরেছি?কিছুই না।তাই, এই অবসরে যাঁরা লেখা দিয়েছেন আবার ব্যস্ততার জন্য লেখা দিতেও পারেননি কিংবা বিভিন্ন ভাবে পত্রিকার প্রকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তবে, বিশেষভাবে স্মরণ করি শ্রদ্ধেয় শ্যামলদাকে (কবি-শিল্পী শ্যামল জানা)।কারণ,যথাসময়ে শ্যামলদা ওই অসাধারণ প্রচ্ছদ না এঁকে দিলে পত্রিকা প্রকাশ করা সম্ভব হত না। তাই তাঁর প্রতি রইল যথাযথ শ্রদ্ধা ও শুভকামনা।সেই সঙ্গে প্রিয় পাঠক-পাঠিকাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা ও ভালবাসা। শেষে, ধন্যবাদ জানাই গুগলকে,পত্রিকায় প্রয়োজনীয় ছবি ব্যবহার করার সুযোগ করে দেবার জন্য।
'নৌবত'(১৯৯৪) প্রকাশের শুরু থেকেই ছিল কবিতা ও কবিতা বিষয়ক পত্রিকা। আজও সেই ধারাবাহিকতায় তা প্রবহমান।তবে,এই বর্ষপূর্তি (ব্লগজিন পত্রিকার) সংখ্যায় নতুন সংযোজন হল 'অনুবাদ কবিতা'।যেখানে একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও কবি রামপ্রসাদ বিসমিল-এর কবিতার অনুবাদের সঙ্গে রাশিয়া, নিকারাগুয়া সহ মোট পাঁচটি দেশের কবিতার অনুবাদ রয়েছে।আর আগের সংখ্যায় যুক্ত হয়েছিল 'সম্পাদকের জানালা' নামে কলামটি।ফলে, সবমিলিয়ে এবারের সংখ্যাটিও আশাকরি আগেরগুলোর মত আপনাদের ভালবাসা পাবে।প্রসঙ্গত,ব্লগজিন পত্রিকার পরিসর নির্দিষ্ট হওয়ায় ইচ্ছে থাকলেও সকলের লেখা প্রকাশ করা সম্ভব হয় না।তাই,অনেকে লেখা পাঠালেও দু'একটি ব্যতিক্রম ছাড়া আমন্ত্রিত লেখা প্রকাশের মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হয়।আশাকরি, সকলেই এই অবস্থাটা বুঝবেন। শুভেচ্ছা....

Comments
Post a Comment